বাংলাদেশের কোথাও শনিবার রমজানের চাঁদ
না দেখা যাওয়ায় সোমবার থেকে শুরু রোজা শুরু
হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ইসলামিক
ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কমিটির সভাপতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর
রহমান সাংবাদিকদের বলেন, “আজ দেশের কোথাও
রমজানের চাঁদ দেখা যায়নি। তাই শাবান মাস
রোববার পূর্ণ হবে। তাই সোমবার থেকে প্রথম
রমজান শুরু হবে।”
ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান, ইসলামিক
ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল ও
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব
মাওলানা সালাহ উদ্দিনসহ কমিটির অন্যান্য
সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আগামী ২৫ জুলাই
দিবাগত রাতে বাংলাদেশে শবে কদর পালন
করা হবে।
সোমবার থেকে মাসব্যাপী রোজা রাখার পর
বাংলাদেশের মুসলিম সম্প্রদায় ঈদুল ফিতর
উদযাপন করবে। তবে ঈদুল ফিতরের দিনও শাওয়াল
মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল
রেখে বাংলাদেশের বিভিন্ন এলাকার কয়েক লাখ
মুসললাম রোববার থেকে রোজা রাখার সিদ্ধান্ত
নিয়েছে।
সেদেশে শনিবার চাঁদ দেখা না যাওয়ায় রোববার
থেকে রমজান মাস গণনার সিদ্ধান্ত সৌদি আরব
সরকার ইতোমধ্যে জানিয়েছে। সাধারণত
সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে রমজান শুরু
ও ঈদ উদযাপিত হয়।
সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের
দেশগুলোসহ আফ্রিকার তিউনিশিয়া, আলজেরিয়া,
লিবিয়া, মিশর, সুদান এবং এশিয়ার প্রশান্ত
মহাসাগরীয় দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়ও
রোববার থেকে রমজান শুরু হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় রোজা শুরু
করছে রোববার থেকে। রমজান উপলক্ষে দেশটির
প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলিম
সম্প্রদায়কে শুভেচ্ছাও জানিয়েছেন।